মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে তীব্র যানজট

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২২:১৬
দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের কাওড়াকান্দি ফেরিঘাটে রমজানের শুরুতেই তীব্র যানজট দেখা দিয়েছে। সারি সারি মালবোঝাই ট্রাকের দীর্ঘ লাইন ক্রমেই বেড়ে চলেছে। গত ৩ দিন ধরে প্রায় ৫ শতাধিক দূরপাল্লার পরিবহন আটকে রয়েছে। এই সুযোগে ঘাটের হাইওয়ে পুলিশের সহায়তায় এক শ্রেণীর অসাধু ব্যক্তি সিরিয়াল দেয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তবে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা ফেরি সংকটের জন্য যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, অতিরিক্ত কাঁচামাল বোঝাই পরিবহন ও প্রবল স্রোতের কারণে গত তিন দিন যাবত্ গাড়ির সংখ্যা ক্রমই বেড়ে চলছে কাওড়াকান্দি ফেরি ঘাটে। দেখা দিয়েছে তীব্র যানজট। এছাড়া কাঁচামাল বোঝাই শতাধিক ট্রাক ৫ থেকে ৭ দিন যাবত্ আটকে থাকায় মূল্যবান পণ্য-সামগ্রী নষ্ট হচ্ছে। ভোলা থেকে আসা মাছ বোঝাই ট্রাক চালক জানান, গত ৩ দিন ধরে কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় আছেন। তার পিছনের অনেক ট্রাক বেশি টাকা দিয়ে পারাপার হয়ে গেছে। তার ট্রাকের মালিক অল্পকিছু টাকা দিয়ে পাঠানোর কারণে তিনি কাউকে টাকা দিতে না পারায় অপেক্ষায় আছেন। পুলিশকে বার বার বলা হলেও এ ব্যাপারে কোন ভ্রূক্ষেপ করছে না। কাওড়াকান্দি ফেরি ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর উত্তম কুমার অবশ্য এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক এম.এ বাতেন মিয়া জানান, রমজানের শুরুতেই অতিরিক্ত কাঁচামাল বোঝাই পরিবহন, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের চলাচলকারী অতিরিক্ত পরিবহনের চাপ এবং মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে প্রবল স্রোতের কারণে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। আর তাই যানজট দেখা দিয়েছে। এ রুটে বর্তমানে ৩টি রো-রো ফেরি, ৪টি কে-টাইপ ফেরি এবং ৫টি ডাম্প ফেরি চলাচল করে। কেতকি ফেরিটি প্রায় ৭-৮ দিন ধরে বিকল হয়ে মাওয়া ডকইয়ার্ডে রয়েছে। এছাড়া আরও ছোট ১টি ফেরি রয়েছে। যা বেশির ভাগ সময় ভিআইপি যাত্রীদের পারাপারে ব্যবহূত হয়।