কুমিল্লায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২২:১৭
জেলায় শারমীন নামের এক স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আদর্শ সদর উপজেলার ঝাকুনীপাড়া এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ গতকাল শুক্রবার গোমতী নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনীপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শারমীন (৯) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। গতকাল সকালে গোমতী নদীর তীরে সে ঘাস কাটতে যায়। দুপুরে স্থানীয় কালাপীর বাবা মাজার সংলগ্ন গোমতী নদীর তীরে শারমীনের গলা কাটা লাশ পাওয়া যায়। কোতয়ালী মডেল থানার এসআই জানান, এ হত্যাকাণ্ডের কারণ তাত্ক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর হত্যার কারণ সম্পর্কে জানা যাবে।