কুমিল্লায় খাসভূমিতে ভিটেবাড়ি রক্ষায় ভূমিহীনদের মানববন্ধন

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২২:১৯
কুমিল্লায় খাসভূমিতে প্রায় অর্ধশত বছর ধরে বসবাসকারী ভূমিহীন বাসিন্দাদের ভিটেবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের বদরপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের বদরপুর এলাকায় ৭০/৮০টি ভূমিহীন পরিবার দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত্ সরকারি খাসভূমিতে বসবাস করে আসছিল। সম্প্রতি ওই ভূমিটি বহিরাগত প্রভাবশালী একাধিক ব্যক্তির নামে বন্দোবস্ত দেয়া হয়। এতে দীর্ঘ বছর ধরে এ স্থানে পরিবার-পরিজন নিয়ে বসবাসকারী ভূমিহীন পরিবারগুলো উচ্ছেদ আশংকায় অসহায় হয়ে পড়েছে। এদিকে গত বৃহস্পতিবার ওই ভূমিটি তহশীল অফিসের কর্মকর্তাগণ নতুন করে বন্দোবস্ত দেয়া ব্যক্তিদের বুঝিয়ে দেয়ার জন্য ওই স্থানে গেলে স্থানীয়দের তোপের মুখে তারা ফিরে যান। ভূমিহীন পরিবারগুলো উচ্ছেদ পাঁয়তারার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন মো. আইয়ূব আলী, চারু মিয়া মেম্বার, শাহআলম মেম্বার, দুলাল মিয়া, আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রায় অর্ধশত বছর যাবত্ বসবাসকারী ভূমিহীন লোকদের নামে অগ্রাধিকার ভিত্তিতে মানবিক কারণে ওই খাসভূমি বন্দোবস্ত প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।