চট্টগ্রামে রেল স্টেশনে সার্ভার বিকল

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২২:৪২
চট্টগ্রাম রেল স্টেশনের সার্ভার বিকল থাকায় গতকাল শুক্রবার যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। রিটার্ন টিকেট কিনতে আসা যাত্রীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পরে খালি হাতে ফিরে যান। রেল সূত্র জানায়, সকাল নয়টার দিকে হঠাত্ সার্ভারটি বিকল হয়ে যায়। বিষয়টি মাইকে ঘোষণা না করায় অসংখ্য যাত্রী টিকেটের আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। ভিড় ঠেলে কাউন্টারের কাছে যাওয়ার পর টিকেট ক্লার্কের কাছ থেকে তারা সমস্যার কথা জানতে পারেন। রেল সূত্র আরো জানায়, কিছুদিন থেকেই চট্টগ্রামে রেলের সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে। ফলে আপ ট্রেনের টিকেট পাওয়া গেলেও রিটার্ন টিকেট পেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। এছাড়া চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রায় সব ট্রেনের যাত্রাই সাম্প্রতিক সময়ে বিলম্বিত হচ্ছে। ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধের মৃত্যু চট্টগ্রামে রেললাইনের পাশ থেকে দুই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধ মারা গেছেন। তাদের পরিচয় জানা যায়নি। দু’জনেরই বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার দুপুর দেড়টার দিকে পাহাড়তলি মার্শাল ইয়ার্ডের ভেতরে এবং বৃহস্পতিবার গভীর রাতে কুমিরা ও ভাটিয়ারী স্টেশনের মাঝামাঝি এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রামের ওসি জিআরপি আহসান হাবিব ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।