চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবের ঘাটে নির্মাণাধীন দ্বিতীয় মহানন্দা সেতুর নির্মাণ কাজের নির্ধারিত সময় পার হলেও এখনও ৩০ ভাগ কাজ বাকি রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান রাভানা কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি জানান, ৫৪৬ মিটার লম্বা এবং ৮মিটার প্রস্থ এই সেতুটির নির্মাণ কাজ ৭০ ভাগ শেষ হয়েছে। বাকি ৩০ ভাগের কাজ চলছে। এই ৩০ ভাগের মধ্যে রয়েছে গার্ডারডেক্স, স্ল্যাব, এপ্রোচ রোড নির্মাণ।
মোট ৫২টি গার্ডারের মধ্যে বাকি আছে ৯টি। স্ল্যাব ও স্প্যান ১৩টি করে তৈরি করতে হবে। অপরদিকে ১ হাজার ৮শ’ মিটার রাস্তার কাজের মধ্যে মাটি ভরাটের কাজ হয়েছে মাত্র ৬শ’ মিটারের। নদীতে পানি বৃদ্ধির ফলে রোডের কাজ বন্ধ রয়েছে। শুধুমাত্র গার্ডার ঢালাইয়ের কাজ চলছে। সিডিউল মোতাবেক ৩০ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবার কথা। উল্লেখ্য ২০১১ সালের ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
