জাবিতে কোটাবিরোধী মিছিলে ছাত্রলীগের বাধা

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসিএসসহ সকল সরকারি চাকরির পরীক্ষায় কোটা পদ্ধতি বিরোধী সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার প্রক্টরিয়াল বডির সামনেই এ ঘটনা ঘটলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে কয়েকশ শিক্ষার্থী। সমাজবিজ্ঞান ভবন হয়ে নতুন কলা ভবনের সামনে গেলে ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল মিছিলে বহিরাগতরা ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করবে। এ কারণে মিছিলে বাধা দেয়া হয়েছে। এদিকে আজ শিক্ষার্থীরা ধর্মঘট কর্মসূচি পালন করবে।