রাজধানীর শাহআলী বেড়িবাঁধ এলাকায় মুরাদ হোসেন (৩০) নামে ভাসমান রেস্টুরেন্ট কর্মীকে গলা কেটে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করেছে। বেড়িবাঁধ এলাকার স্বপ্নচূড়া নামে একটি ভাসমান রেস্টুরেন্ট থেকে গতকাল শনিবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উল্লেখ্য, বেড়িবাঁধ এলাকায় নদীর পাড় ঘিরে ভাসমান খুপড়ি ঘরে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। যা মূলত বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, স্বপ্নচূড়া রেস্টুরেন্টের মালিক আবু সুফিয়ানের অপকর্মের তথ্য ফাঁস করার সন্দেহে মুরাদকে হত্যা করা হতে পারে। একই স্থানে দুই বছর আগে সাইফুল নামে এক যুবককে হত্যা করা হয়েছিল। শাহআলী থানার ওসি সেলিমুজ্জামান বলেন, খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, সেহরীর পরে যেকোনো সময় তাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটকও করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক অবস্থায় কিছু বলা যাচ্ছে না।
