‘পৃথিবীটা উদ্ভট জায়গা। এখানে বেঁচে থাকার কোন ইচ্ছা নেই। তাই স্বেচ্ছায় আত্মহত্যা করলাম।’ হাতে লেখা এমন সুইসাইড নোট সাথে নিয়ে যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কলেজছাত্র রাজিউল ইসলাম অপু (২০)। শনিবার যশোর ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। অপু বরিশালের ইছাগাতী গ্রামের আব্দুল ওহাবের ছেলে এবং রবিশাল বিএম কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ছাত্র ছিলেন। অপু দু’দিন আগে যশোর শহরে পুলিশ লাইন এলাকায় বেড়াতে এসেছিলেন। তার ভগ্নিপতি পুলিশের কনস্টেবল নাসির হেলালের বাড়িতে ছিলেন তিনি।
যশোর রেল পুলিশ সূত্র জানায়, ঐদিন দুপুরে অপু যশোর সেনানিবাস স্টেশনের কাছে রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় ঐ লাইন দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্ত:নগর সাগরদাড়ি ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশন অতিক্রম করে। ট্রেনটি কাছাকাছি আসলে অপু ট্রেনের নিচে ঝাঁপ দেন। পুলিশ তার দ্বি-খণ্ডিত দেহ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া চিরকুট থেকে তার বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার পাওয়া গেছে।
