তামান্না বিশ্বাস

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২০:০৪
আনন্দ আলোতে পেশাজীবনের শুরু তার। মার্কেটিংয়ে চ্যালেঞ্জিং কাজের শুরু সেখানেই। এরপর সেইসূত্রেই চ্যানেল আইয়ের বেশকিছু ইভেন্টে সম্পৃক্ততা। দেড় বছর সেখানে কাজ করেন তিনি। ব্র্যান্ডের প্রাথমিক শিক্ষাটা সেখানেই নেন। এরপর যোগ দিলেন রিজেন্ট এয়ারওয়েজে। বছর না পেরোতেই চলে আসেন নভো এয়ারওয়েজে, আর এখানে একজন দক্ষ ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে তার স্বচ্ছন্দ পদচারণা। তিনি তামান্না বিশ্বাস, কাছের মানুষেরা তাকে ছন্দা নামেই চেনেন। বর্তমানে নভো এয়ারওয়েজে কর্মরত রয়েছেন তিনি। বর্তমান কাজটা তামান্না বিশ্বাসের কাছে অনেক চ্যালেঞ্জিং। আর চ্যালেঞ্জটা সবসময় উপভোগ করেন তিনি। এই সময়ে ব্র্যান্ডিংয়ে তাদের পাশাপাশি আরও কয়েকটি এয়ারওয়েজ রয়েছে, সুতরাং অনেক ভেবেচিন্তেই তাদের পদক্ষেপ নিতে হয়। তিনি তার পুরো টিম মিলেই সেরা মানের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে সর্বোচ্চ ব্র্যান্ডিংটা করতে চান। কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন এই পেশায়? জানতে চাইলে তামান্না বলেন, ‘প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার কারণে অনেক উপভোগ করেন তিনি এ পেশা। মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এই ক্ষেত্র একঘেয়েমি থেকে সম্পূর্ণ মুক্ত। প্রতিটি ক্যাম্পেইন আলাদা, যা কাজের আগ্রহ অটুট রাখে। এখানে প্রতিটি সাফল্য আগেরটি থেকে ভিন্ন এবং সবসময় আনন্দের।’ পেশা হিসেবে এটা আমাদের দেশে কতটা সম্ভাবনাময়, জানতে চাইলে তামান্না বলেন, ‘পেশা হিসেবে ব্র্যান্ডিং শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই উপযোগী। যেকোনো ব্যবসার প্রসার ও উন্নয়নের সাথে সাথে সমাজ ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্র্যান্ডিং অনেক বড় ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বের সাথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মার্কেটিয়ারদের ভূমিকা অনেক। এই পেশায় নতুন কিছু করার সুযোগ অনেক এবং কাজের ক্ষেত্রও ব্যাপক।’ তিনি আরও বলেন, ‘মার্কেটিং, ব্র্যান্ডিং, কমিউনিকেশন্স, সেলস ইত্যাদি সেক্টরগুলো নতুনত্বের পরিবেশ এবং নতুনদের স্থান করে নেওয়ার জন্য আদর্শ। বর্তমানে নতুনরা তাদের নতুন চিন্তাভাবনা, প্রকাশ্য মেধা ও পরিশ্রমী জীবনীশক্তি দিয়ে নিজেদের কাজের মধ্যে এক নতুন ধারা ও সাফল্য অর্জন করছে যা বাংলাদেশের ব্যাবসা শিল্পকে অনেক উন্নত করেছে।’ তিনি বলেন, ‘লক্ষ্য করলে দেখা যায়, যেই দেশ যত উন্নত, তার শক্তিশালী ব্র্যান্ডও তত বেশি। এর একটি কারণ হচ্ছে, উন্নত দেশের মানুষের ক্রয়ক্ষমতা তুলনামূলক বেশি থাকে। যার কারণে মার্কেটে বিভিন্ন পণ্যের ডিমান্ড, মূল্য ও লাভের হার বেড়ে যায় এবং এরই জোগান দেওয়ার জন্য বাড়তে থাকে পণ্য বিক্রেতা। এই পণ্য বিক্রেতারাই নিজেদের পণ্যের বিভিন্ন দিক ক্রেতাদের কাছে তুলে ধরতে তাদের ব্র্যান্ডগুলো আরও শক্তিশালী করে তোলে। এই পর্যায়েই প্রয়োজন হয় মার্কেটিং ও ব্র্যান্ডিং প্রফেশনালদের। সে জন্যই আমাদের দেশে এখানে কাজের দারুণ সম্ভাবনা রয়েছে।’ তামান্নার ছেলেবেলা কেটেছে নড়াইলে। স্থানীয় স্কুল-কলেজের পড়াশোনার পাঠ চুকিয়ে তারপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন তিনি। তার বাবা-মা দুজনেই চাকরিজীবী। একমাত্র ভাই সাজিদ ওয়াহিদ এখন পড়ছেন রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে। তামান্নার ভবিষ্যত্ স্বপ্ন এ পেশাতেই ভালো কিছু করে যাবেন। তামান্না বিশ্বাস ডাকনাম :ছন্দা জন্মতারিখ ও স্থান :২ মে, নড়াইল মায়ের নাম :রোসেলিন নাহার বাবার নাম :মো. জাকির হোসেন প্রথম স্কুল :নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিয় মানুষ :আমার মা প্রিয় উক্তি :If you think you can, you can if not then you can’t. প্রিয় পোশাক :শাড়ি অবসর কাটে যেভাবে :আড্ডা দিয়ে, মুভি দেখে সাফল্যের সংজ্ঞা :সেরা হওয়া।