সাতক্ষীরার আগরদাড়ীতে এক গৃহবধূকে এসিড ছুঁড়ে দগ্ধ করার খবর পাওয়া গেছে। দগ্ধ মনিরা সুলতানা (৩২) সাতক্ষীরা সদর হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
রবিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সদরের আগরদাড়ি গ্রামের এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। মনিরা সুলতানা ওই গ্রামের সৌদি প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী।
মনিরা সুলতানা জানান, রাতে তিনি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। এ সময় তার শরীরে এসিড ছুঁড়ে মাছুমসহ কয়েকজন। এতে তার পিঠ ও শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। চিৎকার করলে স্বামী নুর মোহাম্মদসহ অন্যরা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
মনিরা অভিযোগ করে বলেন, তার পরিবারের সঙ্গে প্রতিবেশী আবদুল মজিদ পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আবদুল মজিদের ছেলে মাসুমবিল্লাহ তাকে এসিড ছোঁড়ে। তিনি আরও জানান, স্বামী নুর মোহাম্মদ রবিবার সন্ধ্যায় ছুটিতে সৌদি আরব থেকে বাড়ি ফিরেছেন। এর মাত্র কয়েক ঘণ্টা পর তার শরীরে এসিড ছুঁড়লো সন্ত্রাসীরা।
আরও পড়ুন: বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থীরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প
খবর পেয়ে রাতে মনিরাকে হাসপাতালে দেখতে যান অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার। সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মাছুমবিল্লাহ (২২) নামের একজনকে আটক করা হয়েছে। মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/অনি
