সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তাঁত শিল্পসমৃদ্ধ তামাই বাজার সংস্কার না করায় বাজার ব্যবহারকারীদের দুর্ভোগ চরমে উঠেছে। ব্রিটিশ আমলে স্থাপিত ঐতিহ্যবাহী এ বাজার বেলকুচি ও কামারখন্দ উপজেলার প্রায় ৩৫ গ্রামের ৫০ হাজারেরও বেশি মানুষের প্রধান বাণিজ্যকেন্দ্র। এ বাজারে প্রতিদিন রং-সুতা তাঁত পণ্যসহ কোটি কোটি টাকার মালামাল ক্রয়-বিক্রয় হয়। এছাড়াও ১৫ হাজার বহিরাগত তাঁত শ্রমিকের দৈনন্দিন চাহিদা এ বাজার থেকেই করতে হয়।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কেবল যে বাজারের বেহাল দশা তা নয়। বাজারমুখী পাকা রাস্তাটির ইট খোয়া উঠে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই যান চলাতো দূরের কথা পায়ে হেঁটে চলাও দুরূহ হয়ে যায়। মনোহরী দোকানদার আব্দুল আলীম জানায়, বৃষ্টি হলেই বাজারে হাঁটুপানি জমে। ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ী আবু বক্কার, শুঁটকি মাছ ব্যবসায়ী মফেল উদ্দিন সরকার, মসলা ব্যবসায়ী এসমাইল হোসেন বলেন, বৃষ্টি অইলে ব্যবসা গুটাইয়া বাড়ীত যাইতে অয়।
ব্যবসায়ী কেবিএম নাজমুল হক তালুকদার ইত্তেফাককে জানান, এ এলাকায় একজন মন্ত্রী থাকার পরও গুরুত্বপূর্ণ এ বাজারটির কোন উন্নয়ন হচ্ছে না। বাজার কমিটির সভাপতি মোঃ মকদুম আলী ও সাধারণ সম্পাদক মীর সেরাজুল ইসলাম বলেন, বাজারের দুর্দাশা সম্পর্কে ঊর্ধ্বতন মহলে তদবির-তাগাদা করেও কোন ফল হচ্ছে না। বাজার কমিটির সহ-সম্পাদক মোঃ আখেরুল আলম প্রিন্স জানান, বাজার সংস্কার না করায় মানুষকে বেকায়দায় পড়তে হয়। তামাই হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুম এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাজী রুহুল আমিন মন্টু অবিলম্বে বাজার উন্নয়নে পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।
