শহর কিংবা গ্রাম। ঘরে কিংবা বাইরে কোথাও নারী নির্যাতনমুক্ত নয়। পদে পদে বাধা নারীকে আষ্টেপৃষ্ঠে বাঁধতে চায়। এগিয়ে যাওয়ার পথে সর্বত্র এই বাধাকে তারুণ্যের শক্তি দিয়ে অতিক্রম করার প্রত্যয় ব্যক্ত করেছে একঝাঁক তরুণ-তরুণী। গতকাল শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল হলে ‘জেনারেশান ব্রেক-থ্রু’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল-এর অফিস ইন চার্জ মিজ ইউকি স্যুয়েহিরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রকল্পের লোগো উন্মোচন করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ তরিক-উল-ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল খান চৌধুরী এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মায়ার্না রেমাটা ইভোরা।
অনুষ্ঠানে একটি নাটকের মাধ্যমে তরুণ প্রজন্মের লিঙ্গভিত্তিক নির্যাতন প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রকল্পের লক্ষ্যগুলো উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশ সরকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা দিচ্ছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আর্থিক সহায়তা দিচ্ছে নেদারল্যান্ড এম্বাসি।
