রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হলের উদ্বোধন

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৩৪
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিকতার জন্য নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল গতকাল রবিবার থেকে চালু করা হয়েছে। এটিই এ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী ফিতা কেটে হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ মোজাম্মেল হক, হল প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, রেজিস্ট্রার (অ.দা) মোঃ শাহজাহান আলী মন্ডল, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজ, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুন কুমার সিংহ, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর এ কে এম নূর-উন-নবী ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হলের প্রথম আবাসিকতা পেয়ে তোমরাই ইতিহাসের অংশ হয়ে থাকবে। তিনি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সংস্কৃতি মেনে চলার জন্য ছাত্রীদের প্রতি আহবান জানান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উত্তর-পশ্চিম কোনে ৩৩৫৫ বর্গমিটার আয়তনের এবং ৫ তলা বিশিষ্ট এ হলটির নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৭০ লাখ টাকা। প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ছাত্রীদের আবাসিকতার জন্য মোট ৫৬টি কক্ষ রয়েছে। হলটিতে ৩৪৬ জন ছাত্রী থাকতে পারবে। প্রত্যেকের জন্য পৃথক সিট ও চেয়ার-টেবিল এবং আলমিরা সিস্টেম লকারের ব্যবস্থা রয়েছে।