মিয়ানমারে আটক জেলেরা ফিরেছে ফেরত আসেনি ট্রলার

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৩৫
টেকনাফ নাফনদী থেকে ট্রলার ও নৌকাসহ ধরে নিয়ে যাওয়া ২৭ জেলে মিয়ানমার থেকে ফিরেছে। অপহরণের পর প্রতিবাদ ও পত্র প্রেরণ করায় তারা ছেড়ে দেয় বলে জানিয়েছেন বিজিবি। তবে ট্রলার ও নৌকাসমূহ রেখে দিয়ে জেলেদের পাঠানো হয়। ১৪ জুলাই রবিবার বিকালে মিয়ানমারে জেলেদের ছেড়ে দিলে সেখানের সীমান্ত থেকে দুইটি নৌকা যোগে সন্ধ্যা ৭ টায় ২৭ জেলে টেকনাফ পৌরসভার নাফনদী সংলগ্ন নাইট্যং পাড়া এলাকা এসে পৌঁছেন। সেখানে বিজিবির একটি টহলদল তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। গত ১২ জুলাই নাফনদী থেকে এক ফিশিং ট্রলার ও ৭টি নৌকাসহ ২৭ জেলেকে ধরে নিয়ে যায় নাসাকা বাহিনী। ওইদিন সন্ধায় নাফনদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে মাছ শিকাররত ৫টি নৌকা। তাদের উদ্ধারে টেকনাফ থেকে রমজানের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার যায়। এ সময় মিয়ানমার নাসাকা বাহিনী ট্রলার ও নৌকাসহ ২১ জেলেকে ধরে নিয়ে যায়। এ জেলেরা হচ্ছে টেকনাফ পৌরসভাস্থ জালিয়াপাড়ার আবুল মিয়া, নুর বশর, মো. ইউনুছ, মো. ইয়াছের, কালামিয়া, ওমর ফারুক, মোহাম্মদ, আবদুল্লাহ, মো. আয়ুব, আবুয়া, মো. করিম, ফজল আহমদ, মোর্শেদ, মো. হাশিম, কামাল হোছন, আবু ছৈয়দ, আলী আহমদ, ফয়েজ আহমদ, নজির আহমদ, মো. ইসমাইল ও আমির হোসেন। ওইদিন দুপুরে নাফনদী থেকে আরো ২টি নৌকাসহ ৬ জেলেকে ধরে নিয়ে যায় নাসাকা বাহিনী। এরা হচ্ছে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার আব্দুর রব, মো. সলিম, মো. জাহিদ, জালিয়াপাড়া এলাকার মনু, তাজু ও মো. ইসহাক।