ঝিনাইগাতী সীমান্তে গুপ্তচর গ্রেফতার

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৩৬
গুপ্তচর বৃত্তির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত থেকে ২ জনকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃতরা হচ্ছে ঝিনাইগাতী উপজেলা সদরের মৃত আব্দুল করিমের পুত্র বাদশা (৩৩) ও উপজেলা সদরের মৃত বাছির উদ্দিনের পুত্র মহসিন হোসেন মিলন মিয়া (২৬)। বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে আসার সময় ‘নো-ম্যানসল্যান্ড’ থেকে ২ গুপ্তচরকে গ্রেফতার করা হয়। ২৭ ব্যাটালিয়নের নৌকুচি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুস জানান, ওই ২ গুপ্তচর ভারতীয় মদ ও অন্যান্য মালামালসহ ভারত থেকে আসার সময় হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) টহল দল তাদের আটক করে। রাতেই তাদের থানায় সোপর্দ করে। এ ব্যাপারে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গুপ্তচর বাদশা ঝিনাইগাতী উপজেলার পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন থেকে গুপ্তচর বৃত্তির পাশাপাশি মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ঝিনাইগাতী উপজেলায় সে মাদক সম্রাট বলে পরিচিত। বাদশা অনেক সময় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করত। সম্প্রতি শেরপুর ডিবি পুলিশ খোয়ারপাড়ার এলাকা থেকে হেরোইনসহ গ্রেফতার করে বাদশাকে। জেল থেকে বেড়িয়ে এসে সে আরো বেপরোয়া হয়ে ওঠে। সে শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসীদের সাথে সিন্ডিকেট গড়ে তুলে গুপ্তচর বৃত্তিসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সন্ত্রাসী বাদশা গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি নেমে এসেছে।