নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে দুই ঘণ্টা ধরে সোনাপুর-চরজব্বর সড়ক অবরোধ করে রাখে। গতকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে বাঁশ বেঁধে, ইটের গুড়ি ফেলে অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এতে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়ে যাত্রীসাধারণের দুর্ভোগ পোহাতে হয়। পরে স্থানীয় লোকজন ও যাত্রীসাধারণের অনুরোধে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। এ সময় তারা ঘোষণা দেয়, আজ সোমবারের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে না দেয়া হলে লাগাতার সড়ক অবরোধ কর্মসূচি দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক জানিয়েছেন, আজ সোমবার ঢাকায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের কাছে পাঠানো হবে। সে অনুযায়ী একাডেমিক কাউন্সিল পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিবে।
