সোমবার দামুড়হুদার দর্শনা মুক্তি ক্লিনিকে ভুল অপারেশনের কারণে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ক্লিনিকে ইট পাটকেল মেরে ভাংচুরের চেষ্টা চালিয়েছে। পরে পুলিশ ও এলাকাবাসীর সম্মিলিত হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বুড়ো মিয়ার মেয়ে সেলিনা খাতুনের প্রসব বেদনা শুরু হলে রবিবার রাত ৯টার দিকে দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করে। ঐদিন রাত দেড়টার দিকে ক্লিনিকের নিয়মিত ডাঃ সেলিনা আক্তার শিমুর নেতৃত্বে একদল চিকিৎসক ডেলিভারিকাজ সম্পন্ন করে।
তারপর থেকে প্রসূতি মায়ের রক্তক্ষরণ কোনভাবেই কমানো যাচ্ছিলো না। অবশেষে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়া পৌঁছানোর আগেই সোমবার ভোরে পথিমধ্যে মা সেলিনা খাতুনের মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ক্লিনিকে ইট পাটকেল মেরে ভাংচুরের চেষ্টা চালায়।
আরও পড়ুনঃ ময়মনসিংহে স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
সোমবার সকাল থেকে ক্লিনিকের জানালা, দরোজা বন্ধ দেখা যায়। এ বিষয়ে মুক্তি ক্লিনিকের ব্যাবস্থাপনা পরিষদের এনামুল কবির বলেন, ‘ভুল নয়, সঠিক অপারেশন হয়েছে। তবে অত্যাধিক রক্তক্ষরণে এ দুর্ঘটনা হয়েছে।’
ইত্তেফাক/নূহু
