জামায়াতের ডাকে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৪৬
রোজার মাসেই হরতাল ডাকলো জামায়াত। গতকাল জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এই হরতাল আহবান করেন। বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতাদের বিচারের ‘সরকারি ষড়যন্ত্রের’ প্রতিবাদে এবং অধ্যাপক গোলাম আজমের মুক্তি দাবিতে আজ সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, সরকার দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষকে নানাভাবে হয়রানি করছে। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ঢাকার জন্য ও জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করে শেষ রক্ষা পাওয়ার জন্য জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমকে ‘জুডিশিয়াল কিলিং’ এর চক্রান্ত করছে। দেশবাসী এ চক্রান্ত কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে জনগণের কষ্ট হওয়া সত্ত্বেও, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যার সরকারের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য আমরা এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছি। দেশের বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, আইনবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, আলেম-ওলামা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি এ কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করে সরকারি চক্রান্ত রুখে দেয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এ্যাম্বুলেন্স, হাসপাতাল, ফার্মেসী এসব হরতালের আওতা মুক্ত থাকবে।’ ইফতার মাহফিল স্থগিত জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্যা এ্যাফেয়ার্স ও কূটনীতিকগণের সম্মানে আজ বিকাল ৬ টায় হোটেল ওয়েস্টিনে যে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন তা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে।