চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে অবশেষে গতকাল রবিবার আগের প্রচলিত পদ্ধতিতে ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এর ফলে প্রিলিমিনারিতে আরও ৩৪ হাজার ২১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হলেন। এ নিয়ে আগের ১২ হাজার ৩৩ জনসহ মোট ৪৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২৪তম বিসিএস পরীক্ষায় রেকর্ড সংখ্যক ৪৬ হাজার ৭০০ জনকে প্রিলিমিনারিতে উত্তীর্ণ করা হয়েছিল। ওই বিসিএসে ৫ হাজার ২০০ জনকে নিয়োগের সুপারিশ করা হলেও এবার মাত্র ২ হাজারের মতো পরীক্ষার্থী চাকরির সুযোগ পাচ্ছে।
ফলাফল প্রকাশের বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন ইত্তেফাককে জানান, কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পুনর্মূল্যায়িত ফল পাওয়া যাবে। তবে এবার কমিশনের নোটিস বোর্ডে ফলাফলের কোনো কপি টাঙানো হবে না। এছাড়াও রাষ্ট্রায়ত্ত টেলিটক মোবাইল ফোন থেকে BCS লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে স্পেস দিয়ে reg no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণদের ফল পাওয়া যাবে।
তিনি জানান, উত্তীর্ণদের আগামী ১৫ জুলাই থেকে বিপিএসসি-২ ফরম ডাউনলোড করে তা পূরণ করে ২৫ থেকে ৩১ জুলাই এবং ১৮ আগস্ট থেকে ২৯ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র কার্যালয়ে জমা দিতে হবে। ঢাকার প্রার্থীদের আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে কমিশনের নবনির্মিত ভবন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রের প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনের আঞ্চলিক কার্যালয়ে ফরম জমা দিতে হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষার তারিখ জানানো হবে বলেও জানান মোশাররফ হোসেন।
এর আগে কোটা পদ্ধতি অনুসরণ করে গত ৮ জুলাই ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। প্রিলিমিনারি পরীক্ষায় কোটা পদ্ধতি অনুসরণের ঘটনা এবারই প্রথম ছিল। এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে পরীক্ষার্থীরা। তারা এই ফল প্রত্যাখ্যান করে ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও প্রিলিমিনারিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শাহবাগে ‘মেধামূল্যায়ন মঞ্চ’ গঠন করে আন্দোলন শুরু করেন তারা। এই বিক্ষোভ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও প্রক্টর অফিস ভাঙচুরের ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করে অজ্ঞাত পাঁচশ’ জনকে আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরদিকে শাহবাগ থানা পুলিশ অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে মামলা করে। পুলিশ ৪০ জন আন্দোলনকারীকে আটক করলেও ৩৫ জনকে ছেড়ে দেয় এবং পাঁচজনের রিমান্ডের আবেদন করে।
এ নিয়ে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। গত শনিবার ছুটির দিনে পিএসসি বৈঠকে করে আগের প্রচলিত পদ্ধতিতে সংশোধিত ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। আন্দোলনকারীরা ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ও কোটা পদ্ধতি বাতিল, আটককৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ পাঁচ দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। উক্ত দাবিতে গতকাল রবিবার দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়।
উল্লেখ্য, বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এতে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী আবেদন করেন। তবে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার জন। গত ২৪ মে রংপুরসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি কেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
