সুন্দর হাসি ধরে রাখতে

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ১৯:৪০
স্বাভাবিকভাবেই আপনি আপনার হাসিটা সুন্দর দেখতে চান, কারণ একটা সুন্দর হাসি আমাদের সবারই কাম্য। কিন্তু এই সুন্দর হাসি সহজলভ্য নয়। কারণ আপনার সুন্দর হাসিটি যেকোনো সময় মলিন হয়ে যেতে পারে শুধু একটু যত্নের অভাবে। তাই একটি সুন্দর হাসির জন্য আপনাকে আপনার মুখের পরিচর্যা করতে হবে। আর মুখের পরিচর্যা মানেই দাঁতের পরিচর্যা, কারণ একটি সুন্দর হাসির জন্য দাঁতের ভূমিকাই বেশি। আসুন জেনে নিই কিভাবে দাঁতের পরিচর্যা করবেন। লিখেছেন প্রাঞ্জল সেলিম ++ প্রতিদিন সকালে ও রাতে খাওয়ার পর আপনার দাঁত ব্রাশ করবেন। পারলে দুপুরে খাবারের পরও দাঁত ব্রাশ করার চেষ্টা করবেন। ++ খাবারে চর্বি, পনির বা ক্রিম থাকলে অবশ্যই ব্রাশ করার পর ভালো করে কয়েকবার কুলি করে নিন। এতে আপনার দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা বেরিয়ে আসবে, না হলে এগুলো দাঁতকে দ্রুত ক্ষয় করে। ++ সবসময় খাবার পানি ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবেন আর তা না হলে নলকূপের পানি পান করবেন। ++ দাঁত ব্রাশ করার সময় উপরে নিচে ভেতরে বাহিরে ভালো করে ব্রাশ করবেন। ++ ব্রাশের স্টিক সোজা না নিয়ে বাঁকা নেওয়ার চেষ্টা করুন। তাতে মুখের ভেতরের দাঁতগুলো ভালোভাবে পরিষ্কার হবে। ++ আপনার দাঁত যদি বাঁকা হয় তাহলে দীর্ঘক্ষণ দাঁত ব্রাশ করুন। ++ দাঁত বাঁকা সোজা করতে দন্ত চিকিত্সকের পরামর্শ নিন। ++ প্রতি তিন মাস পরপর ব্রাশ পরিবর্তন করুন। ধুলাবালি পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাকনাসহ ব্রাশ ব্যবহার করুন। ++ আপনার দাঁতের মধ্যে যদি কোনো একটি বা দুইটি দাঁত হলুদ থাকে তাহলে এর জন্য কোনো প্রসাধনী ব্যবহার করার দরকার নেই। দ্রুত চিকিত্সকের পরামর্শ নিন। ++ দাঁতের ঔজ্জ্বল্য বৃদ্ধি করার জন্য কখনোই খাবার সোডা ব্যবহার করবেন না। কারণ এটা মাড়ির জন্য অত্যন্ত ক্ষতিকর। ++ দাঁতের ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য দাঁত ব্রাশ করার পর মাউথ ওয়াশ দিয়ে কুলি করবেন। মাউথ ওয়াশ না থাকলে হাফ চা চামচ লবণ মিশিয়ে দাঁত ব্রাশ করুন। ++ অতিরিক্ত ঠাণ্ডা কিংবা গরম পানি কোনোটাই দাঁতের জন্য উপকারী নয়, চা কিংবা কফি খাওয়ার এক ঘণ্টা পর স্বাভাবিক পানি পান করুন। ++ গাছের দাঁতন কিংবা টুথপিক ব্যবহার থেকে যথাসম্ভব দূরে থাকুন, অবশ্য আপনি টুথপিকের পরিবর্তে সুতা ব্যবহার করতে পারেন।