অসহ্য গরমে চুল খুলে রাখা বিপত্তিই। তবে কি কেটে ফেলবেন লম্বা চুলগুলো! তা কেন? জেনে নিন গরমে কীভাবে বেঁধে রাখবেন চুল। তাতে স্টাইলে কমতি হবে না একটুও।
খোঁপা
লম্বা চুল যাদের তারা সহজেই করে ফেলতে পারেন খোঁপা। সুতি শাড়ির সঙ্গে এই খোঁপা খুব মানায়। অনেকেই কয়েক প্যাঁচ দিয়ে খোঁপা করে থাকেন। এ ছাড়া সালোয়ার-কামিজের সাথে খোঁপার কাঁটা দিয়ে খোঁপা করলে ভালো মানায়। বাজারে এখন নানা রকমের খোঁপার কাঁটা পাওয়া যায়। এতে গরমে স্বস্তি আর ফ্যাশন হবে একই সঙ্গে। প্রয়োজন মনে করলে স্প্রে দিয়ে চুল আটকে নিন।
পনিটেল
অপেক্ষাকৃত গোল মুখের সঙ্গে পনিটেল বেশি ভালো লাগে। গরমে একটু উঁচু করে চুল বাঁধতে চাইলে পনিটেল সবচেয়ে সহজ উপায়। সহজে এবং তাড়াতাড়ি চুল বাঁধার উপায় হলো পনিটেল। ছোট কাঁকড়া ক্লিপ বা পাঞ্চ ক্লিপ দিয়ে কিছু চুল আটকে পুরো চুলটা পনিটেল করে রাখা যায়। আবার সব চুল টেনে উঁচু করে পনিটেল করতে পারেন।
রিবন টুইস্ট
পুরো চুল আঁচড়ে মাথার একপাশে নিয়ে আসতে হবে। যে পাশে চুল থাকবে না, সেই পাশে পিন দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। এবার একপাশে আনা চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে পনিটেল করে নিতে হবে। পনিটেল করা চুলগুলো কালো ফিতা দিয়ে পেঁচিয়ে নিচের দিকের কিছুটা গোছা ছেড়ে রাখতে হবে। গরমের সময় সালোয়ার-কামিজ কিংবা পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে এই চুল বাঁধা খুব মানায়।
