ভরা মৌসুমে হাট বাজারে ক্রেতার দেখা নেই। বিষমুক্ত ও উন্নতমানের কাঁঠাল বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন হাজার হাজার কৃষক। দু’-একজন গ্রাহক পেলেও কাঁঠাল বিক্রি হচ্ছে একবারেই পানির দরে। চলতি বছর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কাঁঠালের ভাল ফলন হয়েছে। তবে হিমাগার না থাকায় সংরক্ষণের অভাবে হাজার হাজার টন কাঁঠাল পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে প্রান্তিক কাঁঠাল চাষিরা কাঁঠালের ন্যায্য দাম থেকে বঞ্চিত। গতকাল সোমবার মির্জাপুর উপজেলার সর্ববৃহত্ কাঁঠালের হাট বাঁশতৈল ও তক্তার চালা বাজারে গিয়ে দেখা গেছে হাজার হাজার টন কাঁঠাল বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে কিন্ত ক্রেতার দেখা মিলছে না।
অনুসন্ধানে জানা গেছে, চলতি মৌসুমে মির্জাপুর উপজেলার পাহাড়ী অঞ্চলে প্রায় ১ হাজার ৯শ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কাঁঠালের ভাল ফলন হয়েছে বলে কাঁঠাল চাষিরা জানান। উপজেলার গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নে পাহাড়ী এলাকায় সর্বাধিক কাঁঠাল হয়েছে। কাঁঠালের কোন অনুমোদিত জাত না থাকলেও কোষের বৈশিষ্ট্য অনুসারে খাঁজা, আদরসা ও গালা এই তিন প্রকার কাঁঠাল মির্জাপুর উপজেলায় চাষ হয়েছে। পার্শ্ববর্তী উপজেলা সখিপুর, ঘাটাইল ও মধুপুরেও এ বছর কাঁঠালের ভাল ফলন হয়েছে বলে এলাকার কাঁঠাল চাষিরা জানিয়েছে। কিন্তু ঐসব এলাকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত এবং কাঁঠাল সংগ্রহের জন্য আজ পর্যন্ত কোন হিমাগার গড়ে না ওঠায় প্রতি বছর হাজার হাজার টন কাঁঠাল পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কাঁঠাল চাষিরা উত্পাদিত কাঁঠালের দাম না পেয়ে চরম বিপাকে পড়েছে। বিশেষ করে এ বছর কাঁঠালের ভরা মৌসুমে রোজা শুরু হওয়ায় হাট বাজারে কাঁঠাল তেমন বিক্রি হচ্ছে না।
বাঁশতৈল এলাকার কাঁঠাল চাষি আব্দুল আওয়াল (৬০), বেলায়েত হোসেন (৫৫) ও আজগানা গ্রামের শফি উদ্দিনসহ (৫০) অনেকেই জানান, গত বছর যে কাঁঠাল ২০০/১২০ টাকায় বিক্রি হয়েছে এ বছর সেই কাঁঠাল ৪০/৪৫ টাকাও বিক্রি করতে পারছেন না। মাঝারি সাইজের কাঁঠাল ২০/২৫ টাকা এবং ছোট সাইজের কাঁঠাল ৫/১৫ টাকায় বিক্রি হচ্ছে। তারা বলেন, সরকারি ও ব্যক্তি উদ্যোগে এখানে কাঁঠাল সংরক্ষণের জন্য হিমাগার গড়ে তোলা হলে সরকারও প্রচুর লাভবান হবে, এলাকার কৃষকরাও উত্পাদিত ফলের ন্যায্য দাম পাবে।
কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, টাঙ্গাইল, গাজীপুর ও ময়মনসিংহে দেশের মধ্যে সর্বাধিক কাঁঠাল উত্পন্ন হয়। বর্তমানে দেশে ২৬ হাজার হেক্টর জমিতে প্রায় ২ লাখ ৬০ হাজার টন কাঁঠাল উত্পন্ন হয়েছে।
