চট্টগ্রাম ও মংলা বন্দর আধুনিকায়নে ব্যয় ১১৪০ কোটি টাকা

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:০২
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চার বছরে চট্টগ্রাম ও মংলা বন্দরের আধুনিকায়নে প্রায় এক হাজার ১৪০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। গত অর্থ বছরে এ দু’টি বন্দর থেকে রাজস্ব আয় হয়েছে দেড় হাজার কোটি টাকা। সোমবার দুপুরে বিরোধী দলের অনুপস্থিতিতে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে তিনি সংসদকে এসব তথ্য জানান। চেমন আরা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর থেকে রাজস্ব আয় হয়েছে এক হাজার ৪১৫ কোটি ৯৬ লাখ টাকা। একই অর্থ বছরে মংলা বন্দরের রাজস্ব আয় হয়েছে ১০৪ কোটি ৭৯ লাখ টাকা। দু’টি বন্দরের রাজস্ব ব্যয় হয়েছে ৭৬৮ কোটি ৮৭ লাখ টাকা। এরমধ্যে চট্টগ্রাম বন্দরের ব্যয় হচ্ছে ৬৮৯ কোটি ৬৯ লাখ এবং মংলার ব্যয় ৭৯ কোটি ১৮ লাখ টাকা। সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি জানান, দুর্ঘটনাকবলিত নৌযান উদ্ধারের জন্য দু’টি উদ্ধারকারী জাহাজ টাগ ও ও আনুসঙ্গিক যন্ত্রপাতিসহ দক্ষিণ কোরিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। প্রতিটি উদ্ধারকারী জাহাজের ২৫০ টন উত্তোলন ক্ষমতাবিশিষ্ট একটি ক্রেন বার্জ ও তিন হাজার ২০০ বিএইচপি ক্ষমতাবিশিষ্ট একটি টাগ বোট রয়েছে। জাহাজ দু’টির সংগ্রহ মূল্য হচ্ছে ৩৫৭ কোটি টাকা। বেগম ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিআইডব্লিউটিএ’র চলমান ড্রেজিং প্রকল্পগুলোর মধ্যে কাপ্তাই লেকের ড্রেজিংয়ের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। ভবিষ্যতে নৌপথের গুরুত্ব ও নৌ পথ ব্যবহারকারী বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান/ সংস্থাগুলোর চাহিদার প্রেক্ষিতে পরিবহন ও অর্থনৈতিক গুরুত্বের নিরিখে কাপ্তাই লেকে ড্রেজিং করার বিষয়টি বিবেচনা করা হবে।