মির্জাপুরে বংশাই নদীর ব্রিজ নির্মাণ অনিশ্চিত

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:০৭
দফায় দফায় রড সিমেন্টের দাম বৃদ্ধিসহ নানা জটিলতার কারণে উপজেলা সদরের বংশাই নদীর ওপর ত্রিমোহন এলাকায় ব্রিজ নির্মাণের কাজ অনিশ্চিত হয়ে পড়েছে। মির্জাপুর উপজেলার উত্তরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বংশাই নদীর উপর ৩০০ মিটার ব্রিজ নির্মাণের। কিন্তু নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার। জানা গেছে, উপজেলার পাথরঘাটা, তরফপুর, বাঁশতৈল, আজগানা ইউনিয়ন, নবগঠিত লতিফপুর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী উপজেলা বাসাইল ও সখিপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বংশাই নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণের। দেশ স্বাধীনের চার দশক পর এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেনের প্রচেষ্টায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ২০১০ সালে ৩০০ মিটার দীর্ঘ এ ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। গত তিন বছরে ঠিকাদারী প্রতিষ্ঠান কিছু পাইলিং এবং কয়েকটি পিলারের কাজ করে অর্থনৈতিক সংকট, রড সিমেন্টের দাম বৃদ্ধি এবং জমি অধিগ্রহণের জটিলতা দেখিয়ে ব্রিজ নির্মাণের কাজ বন্ধ রেখে চলে যায়। ফলে বংশাই নদীর উপর জনগুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের কাজ অনিশ্চিত হয়ে পড়েছে। ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রতিদিন হাজার হাজার জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় নদী পারাপার হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া ব্রিজটির কাজ দ্রুত শেষে কারার দাবি জানিয়েছে এলাকাবাসী। উপজেলা প্রকৌশলী শামসুল আলম বলেন, ঠিকাদারকে ব্রিজ নির্মাণের জন্য জোর তাগিদ দেয়া হয়েছে।