ছেলেদের পছন্দ পাঞ্জাবি

আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:৫২

n এম কে সোহেল

 

ঈদ মানে খুশি, ঈদ মানে নতুনত্ব। আর তাই ঈদ মানেই নতুন পোশাকে নিজেকে সাজানো। ঈদে ছোট-বড় সবাই নতুন পোশাকে নিজেকে সাজাতে চায়। এখন ঈদে আগের তুলনায় নানা স্টাইল ও ডিজাইনের পাঞ্জাবি পরার প্রবণতা বেড়েছে। পাঞ্জাবিতে যেমন ফুটে ওঠে ব্যক্তিত্ব, তেমনি দেখতেও লাগে সুন্দর। রং আর বাহারি ডিজাইনের পাঞ্জাবি এখন তরুণদের প্রথম পছন্দ।

ঈদ ফ্যাশনে ছেলেদের জন্য যেন পাঞ্জাবির বিকল্প নেই। ঈদে পছন্দের পোশাকগুলোর মধ্যে ছেলেরা পাঞ্জাবিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। নতুন পাঞ্জাবি না হলে একেবারেই চলে না তাদের। পাঞ্জাবির পাশাপাশি অনেকে হয়তো শার্ট ও টি-শার্ট কিনে থাকেন। কিন্তু ঈদে পাঞ্জাবি অবশ্যই কেনার তালিকায় থাকে ছেলেদের। ঈদকে সামনে রেখে আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি।

গরম ও বৃষ্টির এই আবহাওয়ার উপযোগী কাপড়ে বানানো হয়েছে পাঞ্জাবিগুলো। পাঞ্জাবি যদিও প্রতি বছর ঈদে সমান আকর্ষণ নিয়েই বাজারে আসে; তবে এর কাটিং, প্যাটার্ন, লেন্স, কালার—এসবে কিন্তু প্রতিবারই কিছু না কিছু নতুনত্ব দেখা যায়। এবারের ঈদে ফিটিং পাঞ্জাবির প্যাটার্ন বেশি চলছে। সেই সঙ্গে লং, সেমি লং লেন্থও থাকছে। শর্ট পাঞ্জাবিও করা হয়েছে। তবে এর প্রচলনটা কম। রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি স্টাইপ, হালকা প্রিন্ট এসবও থাকছে। তবে ম্যাটেরিয়াল হিসেবে সুতির কাপড়ই প্রাধান্য পেয়েছে। 

আধুনিক কাটছাঁটের পাঞ্জাবির দাম নির্ভর করে এর কারুকাজের ওপর। এবারের ঈদের পাঞ্জাবির কাপড়ের মধ্যে রয়েছে খাদি, সুতি, রাজশাহী সিল্ক, সিল্ক, কটন, ইন্ডিয়ান সিল্ক, সামু সিল্ক, ধুতিয়ান, ইন্ডিয়ানসহ আরো নানা ধরনের কাপড়। কাপড় ও কারুকাজের ওপর নির্ভর করে এই সকল পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৫/৬ হাজার টাকার মধ্যে। ঈদে পাঞ্জাবির সেরা ব্যান্ডগুলো ইজি, ইয়োলো, লুবনান, জেন্টেল পার্ক, রঙ বাংলাদেশ, অঞ্জন’স ইত্যাদি থেকে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের পাঞ্জাবিটি।

 

 

পোশাক ইজি 

মডেল আরিফিন শুভ

ছবি চন্দন রায় চৌধুরী