ফতুল্লায় সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ আহত ১০

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:১৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার সকালে ও বিকেলে দু’দফা সংঘর্ষ হয়। পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, ফতুল্লার ইসদাইর এলাকার ১৮ শতাংশ একটি জমির মালিকানা নিয়ে আজাদ ডাইং কারখানার মালিক আবুল কাশেমের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও তার সহযোগীদের মধ্যে বিরোধ ছিল। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে এক পক্ষের লোকজন অন্য পক্ষের উপর হামলা চালিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ওই সময়ে আহত আনিছুর রহমান জুয়েল (৩৫), আলমগীর (৪০), হাবিবুদ্দিন ডাবলু (৪৫) ও রবিউল ইসলামকে (৫০) নারায়ণগঞ্জ শহরের খানপুর ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিকেল ৫টায় আহত পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে আবুল কাশেমের বাড়িতে হামলা চালায়। এতে ওই বাড়ির প্রহরী আলমগীর আহত হয়।