অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজারে জড়ো হওয়া ১১ জনকে গতকাল সোমবার ভোরে আটক করেছে পুলিশ। শহরের কলাতলী এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী শহরের অপর একটি হোটেল থেকে ৩ জন দালালকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া দালালদের বাড়ি টেকনাফে এবং আটক মালয়েশিয়াগামী যাত্রীরা সবাই সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানান, গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের কলাতলীস্থ আমিন হোটেলে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী যাত্রীদের আটক করে। আটককৃতরা হল মো. আব্দুর রহমান বাবু (৩০), শহিদ মন্ডল (৬০), মো. নয়ন আকন্দ (২৮), আব্দুল মতিন (৩২), মো. আয়ুব আলী সরকার (৩৫), আব্দুর রউফ (৩৫), মো. মানিক (২২), মোহাম্মদ আল মামুন (২২), মো. হেলাল উদ্দিন (২৪), মো. রবিউল আউয়াল (২৪) ও মো. ছাইদ (২৪)। এছাড়া গ্রেফতার হওয়া দালালরা হল ইমাম শরিফ (৩০), দীল মোহাম্মদ (২৮) ও জহির আহম্মদ (৩২)।
