বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ও গাজীপুরে গতকাল সোমবার পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে টি আর ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা। এছাড়া গাজীপুরের দেশীপাড়া এলাকার সানবিম নিটওয়ার লিমিটেডের পোশাক শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় গতকাল বিকালে টিআর ফ্যাশন লিমিটেডের প্রায় তিনশ পোশাক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা কয়েকটি যানবাহন ভাংচুর ও পোশাক কারখানার আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। তারা গত ২ মাস ধরে বেতন পাচ্ছে না। গার্মেন্টস কর্তৃপক্ষের গত ৭ জুলাই বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও তা করেনি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে গাজীপুরের দেশীপাড়া এলাকার সানবিম নিটওয়ার লিমিটেডের পোশাক শ্রমিকরা গতকাল সকালে কাজে যোগ না দিয়ে গাজীপুর-শিমুলতলী সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে। আন্দোলনকারী পোশাক শ্রমিকরা জানায়, তারা গত ৩ মাস ধরে বেতন পাচ্ছে না। গতকাল তাদের বেতন দেয়ার কথা থাকলেও এ নিয়ে গড়িমসি করে গার্মেন্টস কর্তৃপক্ষ। এ কারণে পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করেছে। পরে গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে র্যাব ও পুলিশ কথা বলে পোশাক শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধের ব্যবস্থা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
