তর্ক

আপডেট : ১৩ মে ২০১৯, ২০:১১

 

তার্কিকেরা তর্ক করেন, তর্ক তাদের প্রিয়

তর্ক ছোটে ঢাকা থেকে রিওডি জেনেরিও।

তর্কে আছে গতি ভীষণ

তর্কে কাঁপে টেলিভিশন

তর্ক চলে অফিস বসে, তর্ক পথে পথে

তার্কিকেরা কোনোভাবেই আসবে না এক মতে।

 

তর্ক আছে চায়ের কাপে, তর্ক ড্রইংরুমে

তর্ক চলে সকাল দুপুর, রাত্রে এবং ঘুমে।

ঘুমের ভেতর তর্ক করেন

এপাশ থেকে ওপাশ সরেন

গিন্নি বলেন, দোহাই লাগে তর্ক করো বন্ধ

তর্কে কাদা ছোড়াছুড়ি, তর্কে বাজে গন্ধ।

 

তবুও চলে তর্ক রে ভাই, কী লাভ বলো তর্কে?

তর্ক করে যায় বানানো মাখন, দুধের সরকে?

তর্কবাগীশ মুক্তমনা

এমন কথা যায় কি শোনা?

তর্কে বাড়ে জ্ঞান যদি সে তর্কে থাকে যুক্তি

যুক্তিবিহীন তর্ক থেকে হোক সকলের মুক্তি।