খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি বিএসএফ’র মধ্যে যৌথভাবে সীমান্ত পিলার পরিদর্শন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার মাটিরাঙ্গার পলাশপুরস্থ ২৯ বিজিবি ব্যাটালিয়নের সাদিয়াবাড়ী ক্যাম্প এবং ভারতের বিএসএফের ঘাগড়াবস্তি এবং মাগরুম ক্যাম্পের আওতাধীন সীমান্ত পিলার নং ২২২১/৪ আরবি হতে ২২২৩/২ আরবি পর্যন্ত যৌথ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। পার্বত্য জেলার উঁচু নিচু পাহাড়, নদী-নালা এবং ছড়ার পার্শ্বে নির্দিষ্ট পিলার দ্বারা চিহ্নিত করা হয়েছে আন্তর্জাতিক সীমারেখা। সীমান্ত পিলার নদীর এপারে-ওপারে স্থাপিত বিধায় পিলারগুলোর বর্তমান অবস্থা সরজমিনে পরিদর্শন করার জন্য উভয় দেশের সীমান্তরক্ষীবাহিনী এ উদ্যোগ গ্রহণ করে সীমান্ত পরিদর্শনে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ঘাগড়াবস্তির ক্যাম্প কমান্ডার এসআই শংকর এবং মাগরুম ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর বালারাজ সিং।
