ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে বিল সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এলজিইডির নাসিরনগর উপজেলা প্রকৌশলীকে মারধর করেছে এক ঠিকাদার। এ ঘটনায় ওই ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক জানান, নাসিরনগর উপজেলায় তহশীল অফিস মেরামত কাজ সম্পন্ন না করে পুরো বিল দাবি করে আসছিল সংশ্লিষ্ট সুজন ট্রেডার্সের স্বত্বাধীকারী ঠিকাদার সুজন মিয়া (২২)। সোমবার তিনি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জরুরি সভায় গেলে ঠিকাদার সুজনের নেতৃত্বে কয়েকজন যুবক তার উপর হামলা করে। এতে তিনি আহত হন। পরে বিষয়টি পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে সুজনকে আটক করে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক ২ জনকে অভিযুক্ত করে ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন।
