কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর বাজারপাড়া এলাকায় শ্বশুর বাড়ির লোকেরা জামাই কামাল হোসেনকে (২৮) পিটিয়ে হত্যা করেছে। কামাল উপজেলার দৌলতপুর মাঠপাড়া গ্রামের আসালত হোসেনের ছেলে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে কল্যাণপুর বাজারপাড়া এলাকায় আব্দুল কুদ্দসের মেয়ের জামাই কামালের সাথে কুদ্দুসের বড় ছেলে বিদ্যুস ও তার স্ত্রী শেফা খাতুন টাকা পয়সা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে কামালকে তাদের ঘরে ডেকে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। কামালের চিত্কারে এলাকাবাসী এসে তাকে দৌলতপুর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহত কামাল শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে বাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।
