কঙ্গোতে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৩০

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৩২
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে সরকারি সৈন্য ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১০ সৈন্যসহ কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছে। এটা দেশটিতে কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। সোমবার বিকেলে গোমা শহরের উত্তরাঞ্চলে প্রচন্ড বিস্ফোরণ ঘটে। এতে চারদিক ধূলায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় প্রায় হাজার খানেক লোক শহরের দিকে পালাতে থাকে। খবর বাসস’র। সরকারি মুখপাত্র লাম্বার্ট মেন্ডি বলেন, আমাদের সৈন্যরা এম২৩ যোদ্ধাদের ব্যাপক ক্ষতি করেছে। সৈন্যরা ১২০ বিদ্রোহীকে হত্যা ও অপর ১২ জনকে আটক করেছে। মেন্ডি আরো বলেন, সেনাবাহিনী ও এম২৩ বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষে ১০ সৈন্যও নিহত হয়েছে। রোববার কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলের নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমার বাইরে এই সংঘর্ষ ঘটে। এলাকাটি স্বর্ণ ও কোল্টান সমৃদ্ধ। সেল ফোন ও অন্যান্য ইলেক্ট্রনিক সরঞ্জাম তৈরিতে এটা একটি গুরুত্বপূর্ণ উপাদান। সোমবার কঙ্গো সেনাবাহিনীর বেশ কয়েকটি ট্যাঙ্ক এম২৩ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ করে। মর্টারের গোলার আওয়াজও শোনা গেছে। গত বছরের শেষ দিকে এম২৩ বিদ্রোহী সংগঠনটি অল্প সময়ের জন্য গোমা দখল করে। এরপর আন্তর্জাতিক চাপে তারা সেখান থেকে চলে যায়। মেন্ডি আরো বলেন, এবার তারা রুয়ান্ডার সৈন্যদের সহায়তায় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। তিনি আরো বলেন, কয়েক সপ্তাহ ধরে এম২৩ বিদ্রোহী ও তাদের রুয়ান্ডার মিত্ররা অবস্থান জোরদার করছে।জাতিসংঘ বিশেষজ্ঞরা এম২৩ কে সমর্থন দেয়ার জন্য রুয়ান্ডা ও উগান্ডাকে অভিযুক্ত করে। এর আগে চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কঙ্গোর প্রতিবেশী দেশগুলোকে দেশটির সশস্ত্র সংগঠনগুলোকে সহায়তা না দেয়ার আহ্বান জানান। রুয়ান্ডা ও উগান্ডা তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছে।