আজ বুধবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মসূচিতে যাচ্ছেন বঙ্গবন্ধু পরিষদ ও দুর্নীতি বিরোধী শিক্ষক জোট। পরিষদের সভাপতি ড. জি এম মনিরুজ্জামান জানিয়েছেন আজ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যসহ ১৩ দফা দাবি না মানায় উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় অভিযুক্ত ব্যক্তিদের বিচারসহ ১৩ দফা দাবিতে চার দিন ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে তালা লাগিয়ে রেখেছে বঙ্গবন্ধু পরিষদ। আন্দোলনরত শিক্ষকরা গতকাল মঙ্গলবার রেজিস্ট্রারের কার্যালয়ে তালা লগিয়ে দেন এবং রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ আছে কয়েকদিন ধরে।
এদিকে বঙ্গবন্ধু পরিষদের নতুন কর্মসূচি সম্পর্কে প্রগতিশীল শিক্ষক জোটের সিনিয়র নেতা ড. আবু তাহের বলেন, তাদের এই সিদ্ধান্ত মোটেও নৈতিকতার দাবি রাখে না।
