আট জন অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাকে জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার। ৯ জন যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে বিচার বিভাগীয় এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে আইন মন্ত্রণালয়। একইসঙ্গে সরকার ১১ জন জেলা জজ ও ২ জন অতিরিক্ত জেলা জজকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার পদোন্নতি ও বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
অতিরিক্ত জেলা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামানকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক; ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত নং-৭ এর বিশেষ জজ; সিরাজগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জোয়ার্দার মো. আমিরুল ইসলামকে যশোরের বিশেষ জজ; গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, ছাইফুল ইসলামকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক; হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ,বি,এম, নিজামুল হককে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-৪ এর বিচারক; মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা বেগমকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বরিশালের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে, এম, সামছুল আলমকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক পদে পদায়ন করা হয়েছে।
