ডিবি পরিচয়ে ২৫ লাখ টাকাসহ ২ জনকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট : ১৩ মে ২০১৯, ২০:৫২

সিদ্ধিরগঞ্জে বিকাশ ও টেলিকমের দোকান থেকে নগদ প্রায় ২৫ লাখ টাকা ও দোকানের মালিক সাইদ আহমেদ আকাশ ও কর্মচারী জুয়েলকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বদর উদ্দিন সুপার মাকের্টের আকাশ টেলিকম নামক দোকানে এই ঘটনা ঘটে।

তুলে নেওয়ার ব্যাক্তিরা নিজেদের ডিবির লোক পরিচয় দিয়েছে। এ ঘটনার পর ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

আকাশের বাবা মঞ্জুর আহমেদ জানায়, দুপুর দেড়টায় ডিবি পুলিশ পরিচয়ে তার ছেলের আকাশ টেলিকম থেকে নগদ সাড়ে ৮ লাখ টাকা, ১৪টি মোবাইল ফোন সেট, ফোন রিচার্জের কার্ড, বিকাশের টাকাসহ প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে তার ছেলে আকাশ ও দোকানের কর্মচারী জুয়েলকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পাশের দোকানীরা জানায়, ৬ জনের একটি দল ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ দোকানে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই টাকা, মালামালসহ তাদেরকে তুলে নিয়ে যায়। ডিবি পুলিশের ভয়ে আমরা কেউ কিছু জিজ্ঞেস করিনি। প্রকাশ্যে দিনে দুপুরে এ ঘটনায় আমরা আতংকে রয়েছি।

আরও পড়ুনঃ গোবিন্দগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ ঘটনাটি স্বীকার করে জানায়, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।’

ইত্তেফাক/নূহু