আগামী ২১ জুলাই নব-নির্বাচিত চার সিটি মেয়র ও কাউন্সিলররা শপথ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রদের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলরদের শপথ পড়াবেন বলে জানা গেছে।
স্থানীয় সরকার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত শপথ অনুষ্ঠানের সময় ২১ জুলাই সকাল সাড়ে ৯টায় ধার্য আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সময় নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ জুন খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে বিজয়ীদের শপথ সম্পন্ন করতে হবে। অন্যথায় নির্বাচন বাতিল বলে গণ্য হবে। আইন অনুযায়ী আগামী ২৩ জুলাইয়ের মধ্যে এই চার সিটির নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে শপথ অনুষ্ঠিত হলেও নির্বাচিত মেয়র কিংবা কাউন্সিলর কেউই এখন দায়িত্ব পাচ্ছেন না। কারণ মেয়র এবং কাউন্সিলরদের পাঁচ বছরের মেয়াদ এলাকাভিত্তিক শেষ হবে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে।
৪ সিটি মেয়রের শপথ
এদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে। গত রবিবার এই গেজেট প্রকাশিত হয়। আগামী এক মাসের মধ্যে এই সিটির মেয়রের শপথ অনুষ্ঠিত হবে।
