বরিশাল পলিটেকনিক ইনিষ্টিটিউটের শেষ বর্ষের ছাত্র খালেকুজ্জামান রিয়াজ (২২) পিরোজপুরে এসে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর শহরের কালিবাড়ি সড়ক এলাকায় প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিয়াজের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামে এবং তার বাবার কুয়েত প্রবাসী আবুল বাসার হাওলাদার। নিহতের খালাতো ভাই এবং শহরের রাজারহাট এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, রিয়াজ তার বাবা-মায়ের একমাত্র সন্তান। সে বরিশালে একটি মেসে থেকে পড়াশুনা করতো। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াজ এক সময় পিরোজপুর শহরের কালিবাড়ি এলাকায় থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন এক বন্ধুর সাথে কথা কাটা-কাটির এক পর্যায়ে দুপুর আড়াইটায় শহরের কালিবাড়ি মন্দিরের পিছনে রিয়াজকে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। ঘটনার পর তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তির পর সেখানে তার মৃত্যু হয়। পিরোজপুর সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, তার দুই বন্ধুকে আটকের চেষ্টা চলছে। ঘটনার পর পিরোজপুর পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) এম এন মোর্শেদ হাসপাতালে যান।
