দীর্ঘদিন অসুস্থ
এটিএম শামসুজ্জামান
বিনোদন রিপোর্ট
অনেকদিন ধরে অসুস্থ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান।
তার উন্নত চিকিত্সার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
আজগর আলী হাসপাতালে গতকাল এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েলের হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। হঠাত্ অসুস্থবোধ করায় গত ২৬ এপ্রিল দিবাগত রাতে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। তখন হঠাত্ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়।
এ জন্য গত ২৭ এপ্রিল দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।
সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয় তার। ২৮ এপ্রিল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
