গ্রাহকদের আমানতের ১২ কোটি টাকা নিয়ে কোম্পানি উধাও

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২২:০৪
পিএমসিএল নামের একটি ভুয়া কোম্পানি গ্রাহকদের আমানতের প্রায় ১২ কোটি টাকা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। সপ্তাহখানেক আগে একই কোম্পানি গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা নিয়ে গোপালগঞ্জ থেকে পালিয়ে যায়। এ খবরে মাদারীপুরের গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য চাপ প্রয়োগ করতে থাকলে সোমবার রাতে প্রতিষ্ঠানের সকল কর্মচারী পালিয়ে যায়। গ্রাহকদের সূত্রে জানা যায়, প্রিমিয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড কোম্পানি (পিএমসিএল) নামে এই প্রতিষ্ঠানটি কয়েক মাস পূর্বে মাদারীপুর শহরের পুরান বাজারে সুসজ্জিত অফিস নিয়ে কার্যক্রম শুরু করে। চমকপ্রদ বিজ্ঞাপন, গ্রাহকদের জমা করা টাকা ২/৩ গুণ বাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে প্রায় ১২ কোটি টাকা আমানত সংগৃহীত হয়। মঙ্গলবার অফিসে গিয়ে গ্রাহকরা দেখতে পান অফিসে শুধু চেয়ার-টেবিল ও ফ্যান ছাড়া কিছুই নেই। এই ঘটনায় মাদারীপুর থানায় মামলা হয়েছে।