জামায়াতে ইসলামীর ডাকা গতকাল বুধবারের হরতালে সারাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। কোনো প্রাণহানি না হলেও দুই শতাধিক যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। এরমধ্যে আছে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) জীপ গাড়ি। হরতাল চলাকালে জামায়াত ও শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মী পুলিশের হাতে আটক হয়েছেন। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর ঃ
সীতাকুন্ড (চট্টগ্রাম) থেকে সংবাদদাতাঃ সীতাকুন্ডে গতকালের হরতালে শতাধিক গাড়ি ভাংচুর, ৫টি গাড়িতে আগুন এবং পুলিশের সাথে শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে জামায়াত- শিবিরের ১০ জন কর্মী গুলিবিদ্ধ হয়েছে।
জানা যায়, হরতালে জামায়াত-শিবিরের কর্মীরা সকাল ৮টায় সীতাকুন্ড পৌর সদরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শিবির কর্মীরা ৩টি সিএনজি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং বাঁশবাড়ীয়া ও নুনাছড়া এলাকায় ১টি ট্রাক এবং ১টি ক্যাভার্ড ভ্যানে আগুন দেয়। অপরদিকে সীতাকুন্ড পুলিশ তাদের তত্ত্বাবধানে শতাধিক গাড়ি পৌঁছে দেয়ার সময় পুলিশের গাড়ি আগে চলে গেলে পিছনের গাড়িগুলোকে জামায়াত-শিবিরের পিকেটাররা থামিয়ে ব্যাপক ভাংচুর ও ধ্বংসযজ্ঞ চালায়। শতাধিক গাড়ি ভাংচুরের শিকার হয়েছে বলে খবর পাওয়া যায়।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার রায় ঘোষণার পর পর ফৌজদারহাট এলাকায় জামায়াত- শিবিরের কর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করা অবস্থায় পুলিশ গুলি চালালে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং পুলিশ মিছিলকারীদের উপর ১৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ১০ জন গুলিবিদ্ধ হয় বলে পৌরসভার জামায়াতের আমীর মোঃ তৌহিদুল হক চৌধুরী এবং উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আনোয়ার সিদ্দিকী জানান।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা ঃ জামায়াতে ইসলামীর হরতালে গতকাল কুমিল্লার চান্দিনায় ২২টি গাড়ি ভাংচুর ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া, দোতলা, কুটুম্বপুর, তীরচর ও বুড়িচং-চান্দিনা উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা সৈয়দপুর, নিমসার ও কোরপাই এলাকায় এ ভাংচুরের ঘটনা ঘটে।
সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, জামায়াত-শিবিরের ডাকা হরতালে সকাল থেকে মহাসড়কের কুমিল্লা জেলার উত্তর অংশে যানবাহন চলাচল ছিল চোখে পড়ার মতো। সিএনজি অটোরিক্সা, স্থানীয় পরিবহনগুলোর সাথে সাথে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকও চলাচল করছে। দুপুর পৌনে ১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুজাহিদের ফাঁসির রায় ঘোষণা করলে পিকেটাররা মহাসড়কের কুমিল্লার বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুর চালাতে শুরু করে। শুধু মহাসড়কের চান্দিনা উপজেলাধীন ২৩ কিলোমিটার ও বুড়িচং-দেবিদ্বার-চান্দিনা উপজেলার ১০ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় ২২টি গাড়ি ভাংচুর করা হয়।
রংপুর প্রতিনিধি ঃ জামায়াতে ইসলামীর ডাকা গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রংপুরে ১টি কাভার্ড ভ্যান ও ১টি ট্রাকে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় বাস ও ট্রাকসহ প্রায় ১৫টি যানবাহন ভাংচুর করা হয়। গতকাল সকালে মহানগরীর দমদমা এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় সেখানে ১টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ এবং প্রায় ৫টি গাড়ি ভাংচুর করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া রংপুর মহানগরীর দর্শনা শুঁটকির মোড়সহ বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, অটোরিকশা ও মোটর সাইকেলসহ আরও ১০টি যানবাহন ভাংচুর করা হয়।
গাজীপুর প্রতিনিধি ঃ গতকাল বুধবার হরতাল চলাকালে বিকাল পৌনে ৫টার দিকে শহরের রাজবাড়ী সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সরকারি একটি জীপ গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এতে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খানকে নিয়ে জীপটি (গাজীপুর-ঘ-১১-০০১০) মোশারফ টাওয়ারের সামনে এসে থামে। এর কিছুক্ষণ পর পিছন দিক থেকে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাজবাড়ি সড়কে একটি মিছিল বের করে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জীপটিতে প্রথমে ভাংচুর চালায় পিকেটাররা। পরে তারা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। একই সময়ে শহরের পৌর মার্কেট এলাকায় রাজবাড়ি সড়কে কাঠের গুড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আতংক ছড়িয়ে পড়ে এবং আশপাশের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে জ্বলতে থাকা গাড়িটির আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই পিকেটাররা পালিয়ে যায়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান জানান, তিনি মিছিল দেখে গাড়িটি রাস্তার পাশে থামিয়ে গাড়ি থেকে নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই মিছিলকারীরা তার গাড়িটি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।
এদিকে সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা ভোগড়া এলাকায় হরতাল সমর্থকরা একটি বলাকা পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে।
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতাঃ গাড়ী পোড়ানো, টায়ারে আগুন, ফাঁকা ককটেল বিস্ফোরণ, পুলিশের রাবার বুলেট নিক্ষেপের মধ্যদিয়ে মিঠাপুকুর উপজেলায় জামায়াতের হরতাল পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালে শিবিরের অবস্থান কিছুটা দেখা গেলেও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোর রাতে পায়রাবন্দ ইউনিয়নের দমদমায় মহাসড়কে ১টি এবং বৈরাগীগঞ্জ মণ্ডলপাড়ায় ১টি ট্রাকে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। এছাড়া ফাঁসির রায় ঘোষণার পরপর মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেয়া হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জামায়াতে ইসলামের ডাকা হরতালের তৃতীয় দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যায়। বুধবার সকাল পৌনে ৬টার দিকে কাশিপুরের ভোলাইল এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের সদর উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকায় হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় শিবিরকর্মীরা ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ও প্রিমিয়ার সিমেন্টের একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন। যানবাহনে আগুন দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই শিবিরকর্মীরা পালিয়ে যায়।
নোয়াখালী প্রতিনিধিঃ দুই একটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে জেলায় নিষ্প্রাণ হরতাল পালিত হয়েছে। যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর গতকাল বুধবার দুপুরে জেলার সোনাইমুড়ি উপজেলা সদর ও সেনবাগের ছমির মুন্সি হাটে সিএনজি চালিত ৩টি অটোরিকশা এবং ৩টি মটর সাইকেল ভাঙচুর করেছে জামায়াত-শিবিরকর্মীরা।
দিনাজপুর অফিসঃ দিনাজপুরে গতকাল বুধবার জামায়াতের ডাকা হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ৯ জন জামায়াত-শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন স্থানে জামায়াত-শিবির খণ্ড খণ্ড ঝটিকা মিছিল করলেও পুলিশী তত্পরতার কারণে মিছিলকারীরা পালিয়ে যায়। এছাড়াও দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কে পিকেটাররা একটি ট্রাক ভাঙচুর করে। জীবনযাত্রা ছিল স্বাভাবিক।
গাইবান্ধা প্রতিনিধিঃ জামায়াতে ইসলামের আহূত গতকাল বুধবারের হরতাল গাইবান্ধায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। তবে হরতাল চলাকালে পলাশবাড়ি উপজেলার মাঠেরহাট বাজারে সকালে জামায়াত-শিবিরকর্মীরা ৪/৫টি যানবাহন ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে জামায়াত-শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ১১ জন জামায়াত-শিবিরকর্মী আহত হয়।
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে লক্ষ্মীপুরে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সকালে শহরের নুড়ি গাছ তলা নামক স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় ওই স্থানে ৬/৭টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর শহরের তেরবেকী এলাকায় একটি ট্রাক ও রায়পুর পৌর শহরের নতুন বাজারে একটি মাইক্রোবাস ভাঙচুর করে হরতাল সমর্থকরা।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল বুধবার হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় অবরোধ করে শিবিরকর্মীরা। এ সময় তারা চলমান কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
খুলনা অফিসঃ জামায়াতে ইসলামীর ডাকা হরতাল গতকাল বুধবার খুলনায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে সকাল ৮টার দিকে শিবিরকর্মীরা নগরীর গোয়ালখালি এলাকায় মিছিলের চেষ্টাকালে পুলিশ সেখান থেকে ৫ শিবিরকর্মীকে আটক করে। নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা সুকুমার বিশ্বাস জানান, গোয়ালখালির মোড়ে সংঘবদ্ধ শিবিরকর্মীরা মিছিলের চেষ্টা করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ এ সময় ধাওয়া দিয়ে ছাত্রশিবিরকর্মী লাল্টু হোসেন, হাফিজুর রহমান, ফারুক হোসেন, মোস্তফা কামাল ও আব্দুর রহমানকে আটক করে। এছাড়া দুপুর সোয়া ২টার দিকে নগরীর নিরালা তাবলিগ মসজিদের সামনের সড়কে জামায়াত-শিবিরকর্মীরা ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও সিটি করপোরেশনের একটি ট্রাকে (খুলনা মেট্রো-শ ১১-০০১৭) অগ্নিসংযোগ করে।
সিলেট অফিসঃ হরতাল চলাকালে সকালের দিকে শিবিরকর্মীরা নগরীর কুমারপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা এবং পুলিশকে বহনকারী একটি লেগুনা গাড়ি ভাঙচুর করে। পরে মিরাবাজার এলাকায় সড়কে বাঁশ ও ইটপাটকেল ছড়িয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা। এ সময় তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা ঃ দিনাজপুরের ফুলবাড়িতে নাশকতার অভিযোগে গতকাল বুধবার দুইজন শিবির কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলা শিবিরের সহ-সম্পাদক ও উপজেলার চককবির গ্রামের মহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজু (৩০) এবং উপজেলা শিবিরের সদস্য ও উপজেলার বানাহার গ্রামের মনসুর আলীর ছেলে সোয়েব আলী (১৮)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, গতকাল বুধবার সকালে ফুলবাড়ি-দিনাজপুর মহাসড়কের উপজেলার আদর্শ কলেজের সামনের সড়কের ওপর যান চলাচলে প্রতিবন্ধকতাসহ নাশকতার পরিকল্পনা নিয়ে ১৫/১৬ জন শিবির ক্যাডার সমবেত হয়। পুলিশ ঘটনাটি জানতে পেরে তাদের ধাওয়া করে। এতে দু্ই শিবির ক্যাডার গ্রেফতার হলেও অন্যরা পালিয়ে যায়।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে জামায়াতের কর্মী-সমর্থকরা মিছিল করে ও ৭/৮ টি ককটেল বিস্ফোরণ করে আতংক সৃষ্টি করে। ওই ঘটনায় মহেশপুর থানা পুলিশ খালিশপুর বাজার থেকে বিভিন্ন গ্রামের ৪ জন জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে।
পাবনা প্রতিনিধি ঃ জামায়াতের ডাকা হরতালের তৃতীয়দিন বুধবার পাবনায় বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে হরতাল পালিত হয়েছে। সকাল নয়টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পালিয়ে যায়।
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা ঃ জামায়াতের ডাকা হরতাল চলাকালে লাকসামে গতকাল সকালে পুলিশের সাথে জামায়াত-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে ২ পুলিশসহ ১০ জামায়াত-শিবির কর্মী আহত হয়েছে। লাকসামের বিভিন্ন স্থানে বেশ কিছু গাড়ি ভাংচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৩ রাউন্ড গুলিবর্ষণ করে। ইটপাটকেলে লাকসাম থানার কনস্টেবল শহিদুল ইসলাম ও চন্দ্রিকা ত্রিপুরাসহ ১০ জামায়াত-শিবির কর্মী আহত হয়। এ সময় পুলিশ স্থানীয় ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি তোফায়েল আহমেদকে আটক করে। উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের পরানপুরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম অফিস ঃ চট্টগ্রামে ইফতারের পূর্ব মুহূর্তে পরপর ৮-১০টি ককটেল বিস্ফোরণ ও দু’টি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হালিশহরে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। আতঙ্ক সৃষ্টির জন্য তারা ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দু’টি গাড়িতে আগুন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর মিছিলকারীরা গা ঢাকা দেয়।
রাজশাহী অফিস ঃ দলের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পরপরই জামায়াত-শিবির নেতা-কর্মীরা নগরীর সর্বত্র বিক্ষোভে ফেটে পড়ে। এ নিয়ে গতকাল বুধবার দুপুরে জামায়াত ও ছাত্রশিবির নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়। এসময় পুলিশ ২৭ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করে বলে মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান জানান। তিনি আরো জানান, জামায়াত-শিবির ব্যাপক নাশকতার অপচেষ্টা করেছিল। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্কতায় তা ভেস্তে যায়।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা ঃ চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা। বুধবার ভোর রাতে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসদরের ইসলাম মার্কেট এলাকায় গাড়িটিতে আগুন দেয়া হয়। আগুনে গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
বাসের হেলপার নিজাম উদ্দিন জানায়, বুধবার ভোর রাতে তিনি সেহরী খেতে গাড়ি থেকে বাড়ি যান। এসময় কে বা কারা এসে ইসলাম মার্কেটে সামনে রাস্তার পাশে দাঁড়ানো চয়েস সার্ভিসের ( চট্ট মেট্রো ব ১১-০৯২৭) গরীবুল্লাহ শাহ নামের যাত্রীবাহী বাসটিতে আগুন লাগিয়ে দেয়। তিনি বাড়ি থেকে ফিরে দেখেন বাসে আগুন জ্বলছে।
সাতক্ষীরা প্রতিনিধি ঃ জামায়াতের ডাকা হরতাল বুধবার সকাল থেকে সাতক্ষীরায় অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ, গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে ও ইট বিছিয়ে জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে ।
সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে ও ইট বিছিয়ে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা এ সময় সেখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায়। এদিকে, হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা শহরের অদূরে বাঁকাল এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং ককটেল বস্ফািরণ ঘটায়। এ ছাড়া জেলা শহরের রামচন্দ্রপুরসহ বিভিন্ন প্রবেশ দ্বারে হরতাল সমর্থকরা টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে।
বগুড়া প্রতিনিধি ঃ গতকাল বুধবার সকাল থেকে হরতালে তেমন কোন ঘটনা না ঘটলেও বেলা পৌনে ১১টার দিকে শিবির কর্মীরা পুলিশের টহলভ্যান লক্ষ্য করে উপর্যুপরি ককটেল নিক্ষেপ করে। ককটেলের বিস্ফোরণে এক শিক্ষানবিশ উপ-পরিদর্শকসহ (পিএসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ রাবার বুলেট ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় সেখান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। এদিকে দুপুরে মুজাহিদের রায় ঘোষণার পর পরই শহরতলীর বিভিন্নস্থানে উপর্যুপরি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে শিবির কর্মীরা। এ ঘটনায় জড়িত অভিযোগে আরও ১০ জনকে পুলিশ গ্রেফতার করেছে ।
