কারো ব্যক্তিগত একাউন্টে বিশ্বের বার্ষিক মোট অভ্যন্তরীণ উত্পাদনের চেয়েও বেশি অর্থ থাকতে পারে। অবিশ্বাস্য হলেও এটি হয়েছে ইন্টারনেটে অর্থস্থানান্তরকারী বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান পেপ্যালের ভুলে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ক্রিস রেনোল্ডসের একাউন্টে পেপ্যাল ভুল করে ৯২ কুয়াড্রিলিয়নের বেশি অর্থ যোগ করে দেয়। রেনোল্ডস ইন্টারনেটে গাড়ির যন্ত্রাংশ কেনাবেচা করেন। পেপ্যালের কারিগরি ত্রুটির কারণে সম্প্রতি তার একাউন্টে ৯২,২৩৩,৭২০,৩৬৮,৫৪৭,৮০০ মার্কিন ডলার যোগ হয়ে যায়। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তিনি কি করবেন জানতে চাইলে তিনি বলেন, তিনি খুবই দায়িত্বশীল, প্রথমেই তিনি দেশের ঋণ পরিশোধ করবেন, এরপর তিনি বেসবল টিম ফিলিস কিনে নেবেন। তবে রেনোল্ডসের একাউন্টে প্রথমে এই বিপুল অর্থ দেখা গেলেও পরে তিনি একাউন্ট চেক করে কোন অর্থই পাননি। তিনি এই একাউন্ট দিয়ে মাসে মাত্র একশ ডলার অর্থ লেনদেন করেন। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে তিনি বলেন, এই ঘটনার পর দিন তিনি পেপ্যালের একটি নোটিস পান যাতে তার ক্রেডিট কার্ড যাচাই করতে বলে। তিনি জোক করে বলেন, এত অর্থ থাকার পরও পেপ্যাল তাকে বিশ্বাস করছে না। তার পেপ্যাল একাউন্টের ক্রেডিট কার্ডটি নবায়ন করে নিতে বলেছে। -ইয়াহু নিউজ
