এক ঠিকাদারের হাত-পা কর্তনের দায়ে কিশোরগঞ্জের আদালত গতকাল বুধবার তিন সহোদরসহ মোট পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। দণ্ডপ্রাপ্তরা হল ঃ নিকলী উপজেলার নানশ্রী গ্রামের আবুল কালাম, তার ভাই নূরু ওরফে নূরুল আমিন ও মফিজ, আবুল কালামের পুত্র শাহীন এবং রহমতউল্লাহ। কিশোরগঞ্জের দ্বিতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঁঞা এই রায় প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণের অভাবে অভিযুক্ত সাতজন আসামিকে খালাস দেয়া হয়।
ঘটনার বিবরণে প্রকাশ, নানশ্রী গ্রামের ঠিকাদার দিলদার আহমদ পলাশ ২০১১ সালের ১৬ জানুয়ারি বিকালে কিশোরগঞ্জ শহরের নিজ বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে তার গ্রামের বাড়িতে যাবার সময় করিমগঞ্জ উপজেলার বড় হাওরের বালিয়াজান বাঁধের সামনে পৌঁছামাত্র আসামিরা মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে গাড়ি থেকে নামিয়ে চাপাতি ও চাইনিজ কুড়াল দ্বারা কুপিয়ে বাম পায়ের হাঁটুর নিচের অংশ এবং ডান হাতের কনুইয়ের নিচের অংশ বিচ্ছিন্ন করে ফেলে।
