জালনোট প্রতিরোধে ব্যাংকগুলোকে সতর্কতার নির্দেশ

আপডেট : ১৩ মে ২০১৯, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

পবিত্র রমজান মাস উপলক্ষে জালনোট চক্রের অপতত্পরতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরের প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বলা হয়েছে, ব্যাংকের শাখায় গ্রাহকদের বিনোদনের জন্য স্থাপিত টিভিতে ভিডিওচিত্রটি দেখাতে হবে। গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ, প্রদান ও এটিএম বুথে টাকা ফিডিং করার সময় জালনোট শনাক্তকরণ মেশিন দিয়ে নোটগুলো পরীক্ষা করতে হবে।

আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্রটি সংযুক্ত সূচি অনুযায়ী ঢাকা শহরে এবং বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসসমূহের নির্ধারিত সূচি অনুযায়ী বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে বা রাস্তার মোড়ে প্রচার করতে হবে। কমপক্ষে এক ঘণ্টা করে প্রচার করার কথা বলা হয়েছে। শ্যামলী, ফার্মগেইট, শাহবাগের মতো গুরুত্বপূর্ণ ৫৬টি স্থানে এ ভিডিও প্রচারের জন্য ৫৬টি ব্যাংককে তারিখ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত প্রতিটি ব্যাংক তাদের নির্ধারিত স্থান ও তারিখে এই ভিডিও প্রদর্শন করতে হবে। প্রতিটি ব্যাংককে তিন বার করে ভিডিও প্রচারের সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে।