হাজীগঞ্জে সমিতির ৫ কোটি টাকা ফেরতের উদ্যোগ

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২১:২৩
চাঁদপুরের হাজীগঞ্জে বসুন্ধরা সমবায় সমিতির গ্রাহকের পৌনে ৫ কোটি টাকা ফিরিয়ে দেয়ার উদ্যোগ নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজ। এ সমিতির চেয়ারম্যান হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মনির হোসেন ফরাজী পৌনে ৫ কোটি টাকা নিয়ে বিদেশ পাড়ি দেয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর বসুন্ধরা সমিতির হাজীগঞ্জ খাওয়া-দাওয়া হোটেলের ২য় তলায় অবস্থিত কার্যালয়ে গ্রাহকরা ভিড় জমায়। অবস্থা বেগতিক দেখে কেন্দ্রীয় সমবায় সমিতির নেতৃবৃন্দ তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে সফল হয়। গত ১৩ জুলাই শনিবার সমিতির কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে গ্রাহকদের নিয়ে এক সভার আয়োজন করে। ঐ সভায় সকল গ্রাহকদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ঐ সমিতির গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেয়ার উদ্যোগ গ্রহণ করে একটি উপ-কমিটি গঠন করে দেয়। এ কমিটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেয়ার সকল কার্যক্রম পরিচালনা করবে এবং একটি সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে সমিতির চেয়ারম্যান মনির হোসেন ফরাজী গ্রাহকদের কাছে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং সকলের আমানতের টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করেন।