বাংলাদেশ ছাত্রলীগ জলঢাকা উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন নিয়ে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। এ নিয়ে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। জেলা কমিটি কর্তৃক অনুমোদিত উপজেলা ও পৌর কমিটিকে প্রত্যাক্ষ্যান করে সংবাদ সম্মেলন করেছে এক গ্রুপ। অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল না করলে গণপদত্যাগসহ অবরোধের মত কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে তারা।
জানা গেছে, দীর্ঘ ৫ বছর পর গত ২৭ জুন ছাত্রলীগের জলঢাকা উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রতিদ্বন্দ্বী গ্রুপের নেতা-কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাত্ক্ষণিক কমিটি ঘোষণা না করে চলে যান। পরে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে গত ২৯ জুন স্বাক্ষরিত শ্রী নলনী বিশ্বাসকে সভাপতি ও শফিকুল গনি স্বপনকে সাধারণ সম্পাদক করে উপজেলা এবং আহসান হাবিব সাহেদকে সভাপতি ও ফরহাদুজ্জামান রাছেলকে সাধারণ সম্পাদক করে পৌর ১৬ জুলাই নতুন কমিটি প্রদান করে। ঘোষিত এ কমিটিকে প্রত্যাক্ষ্যান করে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার রশীদের নেতৃত্বে গ্রুপটি গতকাল বৃহস্পতিবার স্থানীয় যুবলীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে। সদ্য ঘোষিত উপজেলা কমিটির সভাপতি শ্রী নলনী বিশ্বাস অপর গ্রুপের অভিযোগ নাকচ করে বলেন, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ কমিটি গঠন করেছেন।
