ক্যাম্পে উন্নতির সুযোগ দেখছেন সাদমান

আপডেট : ১৩ মে ২০১৯, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

লম্বা মৌসুম শেষে জাতীয় দলের ক্রিকেটাররা চলে গেছেন দীর্ঘ এক সফরে। তারা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে ব্যস্ত থাকবেন প্রায় আড়াই মাস। কিন্তু দেশে থাকা ইনফর্ম ক্রিকেটারদের জন্য এটা ছিল কেবলই অলস সময়। এই সময়ে অনুশীলনও অনেকের ঠিকঠাক থাকে না।

এই অলসতা থেকে ক্রিকেটারদের বের করে আনতে এবং জাতীয় দল বা ‘এ’ দলের জন্য তাদের প্রস্তুত রাখতে রবিবার থেকে শুরু হয়েছে এলিট ক্রিকেটারদের ক্যাম্প। এই ক্যাম্পে কয়েক জন সিনিয়র যেমন আছেন, তেমনই আছেন সাদমান ইসলামের মতো তরুণরাও। টেস্টে বাংলাদেশের নিয়মিত মুখ হয়ে উঠতে থাকা সাদমান বলছিলেন এই ক্যাম্পটা তাদের উন্নতির জন্য ভালো একটা সুযোগ। ক্যাম্পের কথা বলতে গিয়ে বাংলাদেশের টেস্ট ওপেনার সাদমান বলছিলেন, ‘কিছুদিন আগে লম্বা একটি মৌসুম গিয়েছে। প্রিমিয়ার লিগ গিয়েছে। এখন রমজান মাস চলছে। রমজানে হয়তো অনেকের শিডিউল থাকে না যে কখন কী করব। হয়তো রোজায় অনুশীলনও সম্ভব হয়ে ওঠে না। এলিট ক্যাম্প শুরু হয়েছে। এখানে অনুশীলন করলে নিজেদের কোনো জায়গায় কী ঘাটতি আছে, ওইটা এখানে কোচরা ধরিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। সামনে যে মৌসুম আসবে অবশ্যই সবাই ফিট থাকবে ও ভালো খেলতে পারবে।’

সাদমান মনে করছেন, টেস্ট খেলা যেহেতু এখনো অনেক দিন পর, তাই এই ক্যাম্পে ভালো করে ‘এ’ দলে খেলতে পারলে সেটা একটা বড় সুযোগ হবে, ‘অবশ্যই উন্নতির সুযোগ আছে। জাতীয় দলে অনেক দিন পরে খেলা। ‘এ’ দলের খেলাটিও ভালো খেলা। বড় খেলা। এইটাতে যদি ভালো করা যায়, দলেরও অনেক লাভ হবে। জাতীয় দলের ভবিষ্যত্ খেলোয়াড় বের করে আনতে এই ক্যাম্পটা গুরুত্বপূর্ণ হবে।’ টেস্ট নিয়মিত খেললেও সীমিত ওভারের ক্রিকেট থেকে এখনো বেশ দূরে আছেন সাদমান। যদিও প্রিমিয়ার লিগে রান পেয়েছেন। তারপরও ওয়ানডে বা টি-টোয়েন্টি নিয়ে এখনই ভাবছেন না বলে জানালেন এই ওপেনার, ‘ওটা নিয়ে এখন অত চিন্তা করি না। হয়ত প্রিমিয়ার লিগে একটু বদলানোর চেষ্টা করেছিলাম। প্রিমিয়ার লিগ রানের খেলা। তাই এখানে কীভাবে আস্তে আস্তে উন্নতি করা যায় সেটা নিয়ে ভাবছি। মেইনলি আমি যেহেতু টেস্ট নিয়ে চিন্তা করি আমি এখানেই থাকব। আর অফ সিজনে আমি চেষ্টা করব কীভাবে ওয়ানডে ও টেস্টে নিজেকে প্রস্তুত করা যায়।’

সাদমান বলছেন, ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলার স্বপ্ন তার আছে। কিন্তু এখন তিনি টেস্ট নিয়েই বেশি ভাবেন, ‘অবশ্যই টেস্ট খেলতে পছন্দ করি। যদি কখনো ওয়ানডে বা টিয়োন্টিতে সুযোগ হয় আমি যদি নিজেকে প্রমাণ করি তাহলে ওখানকার জন্যও নিজেকে প্রস্তুত করার চেষ্টা করব।’