নির্বাচিত প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই নির্বাচন

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২২:২০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আর মাঠ গরম করবেন না। নির্বাচিত প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনার সুযোগ নেই। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে। বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ‘অপপ্রচার-ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করা যাবে না’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করে। মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় নির্বাচনের ৫-৬ মাস বাকি রয়েছে। এর মধ্যে আর কোনো নির্বাচন সম্ভব বলে মনে হয় না। তত্ত্বাবধায়ক সরকার ধারণা নষ্ট হয়ে গেছে। সিটি নির্বাচনে এটি অপ্রয়োজনীয় বলে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতি পালন করছেন। ট্রাইব্যুনাল ছয়টি রায় দিয়েছে। বিচারকার্য নিরপেক্ষভাবে হচ্ছে বলে প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে বিএনপির নীরব থাকার সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি নীরব-নিশ্চুপ। নীরব কেন ম্যাডাম? চরম সুবিধাবাদী অবস্থায় আছে বিএনপি। তাদের নীরবতাই অবস্থান প্রমাণ করেছে। বিএনপি ক্ষমতায় এলে এরা (দণ্ডপ্রাপ্তরা) সবাই ছাড়া পেয়ে যাবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, জোটের সহ-সভাপতি এটিএম শামসুজ্জামান, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা।