বর্ণাঢ্য আয়োজনে উল্টোরথ যাত্রা

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২৩:১৯
শেষ হলো উল্টোরথ যাত্রা। জগন্নাথ ঠাকুর ফিরলেন তার নিজ বাড়িতে। হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মীয় উপাসনার মাধ্যমে পালন করল এই দিনটি। আষাঢ় মাসের তীথিতে জগন্নাথ ঠাকুর যখন তার মাসির বাড়িতে যান তখন শুরু হয রথ যাত্রা। এক সপ্তাহ পর মাসির বাড়ি থেকে ফিরে আসেন। মাসির বাড়ি থেকে জগন্নাথ ঠাকুরের ফিরে আসাই উল্টো রথ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আনুষ্ঠানিকভাবে এই দিনটি পালন করেছে। পুরানো ঢাকায় এ উপলক্ষে উল্টোরথ যাত্রার আয়োজন করা হয়। অনেকে উপোস থেকে দিনটি পালন করেন। পূজা ও ভোগ বিতরণের মাধ্যমে শেষ হয় রথযাত্রা। চট্টগ্রাম অফিস:চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উত্সব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), চট্টগ্রামের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির থেকে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা বের করা হয়। অসংখ্য পুণ্যার্থীর অংশগ্রহণে রথযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রার মধ্যদিয়েই শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণী পুনরায় শ্রী মন্দিরে ফিরে গেলেন। বিভিন্ন ধর্মীয় সংগঠনের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন নামহট্ট সংঘ, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং বিভিন্ন পৌরাণিক সাজে হাজার হাজার ধর্মপ্রাণ ভক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। রাধামাধব মন্দির সংলগ্ন ডিসি হিলের নজরুল স্কোয়ারে উল্টো রথযাত্রা উত্সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। রথযাত্রায় আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুর ভারত থেকে আগত মায়াপুর সংকীর্তন বিভাগের সহ-পরিচালক শ্রীপাদ বেনুধারী দাস ব্রহ্মচারী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিল্পপতি মৃদুল কান্তি দে। পৌরহিত্য করেন ইস্কন চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী। মঠবাড়িয়া: মঠবাড়িয়া (পিরোজপুুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মদন মোহন আশ্রমে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পরে মদন মোহন আশ্রম থেকে উল্টো রথ নিয়ে কেন্দ ীয় হরিসভা মন্দিরে শেষ হয়। নরসিংদী: নরসিংদী প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা উপলক্ষে নরসিংদীতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শত শত নারী-পুরুষ-শিশু এ র্যালীতে অংশ নেয়।