স্তূপিকৃত মামলাজট কমাতে সিলেটে প্রথমবারের মতো মহানগর দায়রা জজ আদালতের প্রস্তুতি শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই এই আদালতের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সিলেট মেট্রোপলিটন এলাকার ৬ থানার সকল মামলার কার্যক্রম চলবে এ আদালতে। এরই মধ্যে একটি মামলা এ আদালতে স্থানান্তর করা হয়েছে বলে সূত্র জানায়।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের একটি পুরাতন ভবনে আপাতত সিলেট মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে ৩টি পৃথক এজলাস প্রস্তুত করা হয়েছে। সূত্র জানায়, লোকবল, অবকাঠামোর অভাব ইত্যাদির কারণে সিলেটের আদালতে ৩০ হাজারেরও বেশি মামলা দীর্ঘদিন থেকে ঝুলে রয়েছে ।
সিলেট বারের একজন সিনিয়র আইনজীবী জানান, নবগঠিত মহানগর দায়রা জজ আদালতে যুগ্ম মহানগর দায়রা জজ যোগদান করবেন কয়েকদিনের মধ্যে। এ মাসেই যোগদান করবেন মহানগর দায়রা জজ। এছাড়াও কয়েক দিনের মধ্যেই অতিরিক্ত মহানগর দায়রা জজ যোগদান করবেন । সিলেটের অতিরিক্ত পিপি শামছুল ইসলাম জানান, মামলাজট কমাতেই সরকার এ আদালত স্থাপনের উদ্যোগ নিয়েছে।
‘‘মহানগর দায়রা আদালতের জন্য সম্পূর্ণ পৃথক ও নতুন স্থাপনা তৈরি করায় বিচারাঙ্গনের বিকেন্দ ীকরণ হবে এবং নবীন আইনজীবীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে। তার চেয়েও বিচার প্রার্থীদের ভোগান্তি দূর হবে দ্রুত”, এই মন্তব্য করে সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন, ‘‘শ্রম আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল, কর আদালতের জন্য নিজস্ব ভূমিতে ভবন নির্মাণ ও হাইকোর্টের স্থায়ী আসন সিলেটে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।” তিনি জানান এ জন্য সরকার ও বিচার বিভাগের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, ইতোমধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন মৃধাকে সিলেটের প্রথম মহানগর দায়রা জজ হিসেবে পদায়ন করেছে। মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলাম খানকে সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে। এদিকে খুলনা, রাজশাহী ও সিলেট মহানগরে পৃথক দায়রা আদালতের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৮৪টি নতুন পদ সৃজন করা হয়েছে। এর মধ্যে সিলেট মহানগর দায়রা আদালতের জন্য বিচারকসহ ২৮টি পদে জনবল নিয়োগ দেয়া হয়েছে।
